শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
Logo

প্রার্থীদের নিরাপত্তায় অস্ত্রের লাইসেন্স দেওয়ার ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার

ডেস্ক রিপোর্ট।।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর প্রাণঘাতী হামলার ঘটনার পর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তা জোরদারে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের প্রয়োজনে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়ার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (১৩ ডিসেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ ঘোষণা দেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচন ঘিরে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় প্রার্থীদের সুরক্ষা নিশ্চিত করা জরুরি। এতদিন কেবল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অস্ত্রের লাইসেন্স দেওয়া হতো। এখন যারা নির্বাচনে অংশ নিতে চান, তারা আবেদন করলে অস্ত্রের লাইসেন্স দেওয়া হবে। আগে যাদের অস্ত্র জমা রাখা হয়েছে, তাদের অস্ত্রও ফেরত দেওয়ার ব্যবস্থা করা হবে।

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা সম্মুখসারিতে থেকে ভূমিকা রেখেছেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। এজন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থার উদ্যোগ নেওয়া হয়েছে।

শরিফ ওসমান হাদির ওপর হামলার প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এ ঘটনায় জড়িতদের ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। তিনি দেশবাসীর কাছে হাদির সুস্থতার জন্য দোয়া কামনা করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, হামলায় জড়িতদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান রয়েছে। সবার সহযোগিতায় খুব শিগগিরই অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা শরিফ ওসমান হাদির ওপর গুলি চালিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন