শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
Logo

হাদিকে গুলি করা ব্যক্তিদের শনাক্ত করে ফেলেছে পুলিশ: ডিএমপি কমিশনার

ডেস্ক রিপোর্ট।।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করেছে পুলিশ। দ্রুতই তাদের গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

শুক্রবার (১৩ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে এক গণমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় ডিএমপি কমিশনার বলেন, হামলায় অংশ নেওয়া সন্ত্রাসীদের পরিচয় নিশ্চিত করা হয়েছে এবং তাদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। যে কোনো সময় গ্রেপ্তার সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী গুলিবিদ্ধ শরীফ ওসমান বিন হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাজধানীর বেসরকারি এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সেখানে তিনি বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগরের পানির ট্যাংকির সামনে রিকশায় চলাচলের সময় মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি খুব কাছ থেকে তাকে গুলি করে দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মোস্তাক আহমেদ জানান, শরীফ ওসমান হাদির শরীরের ডান পাশ দিয়ে গুলি প্রবেশ করে বাম কানের পাশ দিয়ে বেরিয়ে গেছে। গুলির কিছু অংশ এখনও তার মস্তিষ্কে রয়ে গেছে, যা তার অবস্থাকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে বলে জানান তিনি।

হামলার ঘটনায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাটিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করছে বলে জানিয়েছে পুলিশ।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন