বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

বিয়ের দাবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন তরুণীর

ডেস্ক রিপোর্ট।।

সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক জুয়েল সেখের বিরুদ্ধে বিয়ের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন এক তরুণী। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে সিরাজগঞ্জ প্রেস ক্লাব হলরুমে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে তরুণীর বড় বোনসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযুক্ত জুয়েল সেখ সিরাজগঞ্জ পৌর এলাকার সাহেদনগর বেপারীপাড়ার মোয়াজ্জেম হোসেনের ছেলে।

লিখিত বক্তব্যে তরুণী জানান, প্রায় ১১ মাস আগে ফেসবুকে জুয়েলের সঙ্গে তার পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয় এবং জুয়েল তাকে বিয়ের প্রতিশ্রুতি দেন। কিন্তু বিয়ের সময় চাপ দিলে বারবার টালবাহানা করেন এবং শেষ পর্যন্ত বিয়ে না করার সিদ্ধান্ত জানান।

তরুণীর অভিযোগ, মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিয়ের দাবিতে জুয়েলের বাড়িতে গেলে তাকে জুয়েলের পরিবারের পক্ষ থেকে মারধর করে বের করে দেওয়া হয়। তিনি দাবি করেন, জুয়েল তাকে বিয়ে না করলে তার আর কোনো পথ থাকবে না।

সংবাদ সম্মেলনে উপস্থিত তরুণীর বড় বোন বলেন, “আমার বোনের যে ক্ষতি হয়েছে তার ন্যায়বিচার চাই। থানায় অভিযোগ করেছি, কিন্তু এখনো মামলা হিসেবে রেকর্ড করা হয়নি।”

অভিযোগ অস্বীকার করে জুয়েল সেখ বলেন, “মেয়েটি আমার ছবি ব্যবহার করে ফেসবুকে অশালীন পোস্ট দিয়েছিল, তাই আমি থানায় জিডি করেছি। আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো ভিত্তিহীন।”

সিরাজগঞ্জ সদর থানার এসআই জুবাইদা খাতুন বলেন, অভিযোগ পাওয়ার পর প্রেমিক-প্রেমিকার বাড়িতে গিয়ে উভয়ের সঙ্গে কথা বলা হয়েছে। বিষয়টি অফিসার ইনচার্জের কাছে রিপোর্ট করা হবে, তিনি পরবর্তী সিদ্ধান্ত নেবেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন