বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

রায়পুরায় যৌথ অভিযান: স্বরাষ্ট্র উপদেষ্টার হুঁশিয়ারি

ডেস্ক রিপোর্ট।।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, রায়পুরায় সন্ত্রাস ও মাদকবিরোধী যৌথ অভিযান চালানো হবে। তিনি বলেন, এই এলাকায় সন্ত্রাসীদের আড্ডা বেশি এবং তাদের হাতে বিপুল অস্ত্র রয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) সকাল নরসিংদীতে জেলা কারাগার পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “সেনাবাহিনী, র‌্যাব, পুলিশসহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে রায়পুরায় যৌথ অভিযান পরিচালনা করা হবে। বর্তমানে টেঁটা আপডেট হয়ে হাতিয়ারে পরিণত হয়েছে। এদের দ্রুত আইনের আওতায় আনা হবে।”

তিনি স্মরণ করান, ১৯ জুলাই নরসিংদী জেলা কারাগারে আগুন দেয়ার ঘটনায় সব কয়েদি পালিয়ে যায়। এর মধ্যে কিছু স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছে এবং অনেককে গ্রেফতার করা হয়েছে। এছাড়া, জেলখানায় লুট হওয়া অস্ত্রের মধ্যে অনেক অস্ত্র উদ্ধার করা হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “গ্রেফতার কয়েদিদের মধ্যে বেশিরভাগ মাদকের আসামি। মাদক নির্মূলে কাজ করতে হবে এবং এর জন্য বিশেষ কারাগার গড়ে তোলা হবে।”

এইসময় নরসিংদী পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুকসহ পুলিশ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা সকালে নরসিংদী পুলিশ লাইনসের ক্যান্টিন, হাসপাতাল ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেন। পরবর্তীতে তিনি জেলা কারাগার পরিদর্শন করেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন