আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আগামী বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
বুধবার (১০ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
সিনিয়র সচিব জানান, বৃহস্পতিবার দেশের ৩০০টি আসনের পূর্ণাঙ্গ তফসিল প্রকাশ করবে নির্বাচন কমিশন। সন্ধ্যা ছয়টার পর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জাতির উদ্দেশে ভাষণ দেবেন। ওই ভাষণেই তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনের তফসিল ঘোষণা করবেন।
ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, তফসিল ঘোষণার পর মনোনয়নপত্র জমা, বাছাই, প্রত্যাহার এবং ভোটগ্রহণের সম্ভাব্য তারিখসহ পুরো নির্বাচন প্রক্রিয়ার সময়সূচি প্রকাশ করা হবে।

