ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) বাস্তবায়ন নিয়ে চলমান অচলাবস্থা কাটাতে দ্বিতীয় দফা আলোচনাও ফলপ্রসূ হয়নি। ফলে সারাদেশের মোবাইল ও গ্যাজেট দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত বহাল রেখেছে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা ৩টার সময় বৈঠক শেষে সংগঠনের সভাপতি মো. আসলাম বলেন, “আজকের আলোচনাতেও কোনো অগ্রগতি নেই। আমরা আবারও আশার আলো পেলাম না। আগামীকাল দুপুর ৩টায় নতুন করে বৈঠক হবে, যেখানে এনবিআরের প্রতিনিধিরাও থাকবেন।”
তিনি বলেন, আলোচনার প্রক্রিয়া অব্যাহত রাখতে ব্যবসায়ীদের শান্ত ও সংযত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত দেশব্যাপী সব মোবাইল দোকান বন্ধ থাকবে। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তিনি।
এর আগে সকালে বিটিআরসি কার্যালয়ে প্রবেশ করে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল আলোচনায় অংশ নেয়। এনইআইআর বাস্তবায়ন নিয়ে সরকারের অবস্থান ও ব্যবসায়ীদের উদ্বেগের কারণে টানাপোড়েন দিন দিন তীব্র হচ্ছে, যার প্রভাব পড়েছে বাজারে ও গ্রাহকদের মধ্যেও।
গত শনিবার এমবিসিবি সারাদেশে অনির্দিষ্টকালের জন্য মোবাইল দোকান বন্ধের ঘোষণা দেয়। পরে রোববার বিটিআরসি ভবনের সামনে অবস্থান নিলে আগারগাঁও এলাকায় যানজট দেখা দেয়। রাতে বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল মো. এমদাদ উল বারীর আশ্বাসে আন্দোলন সাময়িক স্থগিত করা হলেও আলোচনায় অগ্রগতি না হওয়ায় দোকান বন্ধের সিদ্ধান্ত বহাল থাকে।
এদিকে জানা গেছে, এনইআইআর–সংক্রান্ত জটিলতা সমাধানে আগামীকাল উচ্চপর্যায়ের একটি যৌথ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে অর্থ উপদেষ্টা, এনবিআর চেয়ারম্যান, বাণিজ্য সচিব, মোবাইল ফোন ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এবং এমবিসিবি প্রতিনিধিরা অংশ নেবেন।

