বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

রংপুর রিজিয়নে বিজিবির নভেম্বর অভিযানে ৫ কোটি টাকার বেশি মাদক–অস্ত্র–চোরাই পণ্য জব্দ

ডেস্ক রিপোর্ট।।

রংপুর রিজিয়নের সীমান্তজুড়ে নভেম্বর মাসজুড়ে পরিচালিত বিভিন্ন অভিযানে ৫ কোটি টাকার বেশি মাদক, অস্ত্র ও চোরাচালানকৃত মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই মাসে আটক করা হয়েছে ৪৮ জনকে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দিনাজপুর সেক্টর সদর দপ্তরের অডিটোরিয়ামে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান।

বিজিবি জানায়, নভেম্বর মাসে রিজিয়নের বিভিন্ন ব্যাটালিয়নের অভিযানে উদ্ধার করা হয়—

৯৬৬ বোতল ফেনসিডিল

১,০০০ বোতল বিদেশি মদ

৩,৪৬৯ পিস ইয়াবা

২২৮ কেজি গাঁজা
এ ছাড়াও উদ্ধার হয়েছে বিভিন্ন নেশাজাতীয় ইনজেকশন ও ওষুধ।

নিয়মিত টহল ও বিশেষ অভিযানে মানব পাচারের শিকার হওয়া একজন ভারতীয়সহ ১০ জনকে উদ্ধার করে বিজিবি। তাদের মধ্যে পাঁচজন পুরুষ, তিন নারী এবং দুই শিশু রয়েছে।

অভিযানে উদ্ধার করা হয়—

৩টি ওয়ান শুটারগান, ৬ রাউন্ড গুলি, ২.৩০ কেজি গানপাউডার

সীমান্তে চোরাচালান দমনে বিজিবি প্রচুর পণ্য জব্দ করে। উদ্ধার করা হয়েছে ভারতীয় প্রসাধনী, শাড়ি, খাদ্যসামগ্রী, ওষুধ, জিরা, পেঁয়াজ, চিনি, কম্বলসহ বিভিন্ন পণ্য।
এ ছাড়াও জব্দ করা হয়েছে—

২৫টি মোটরসাইকেল, ইজিবাইক, নৌকা ও বাইসাইকেল, ১২৫টি গরু, ১৩টি মহিষ, ২টি ছাগল

কর্নেল ফয়সাল জানান, রংপুর রিজিয়নের সীমান্ত এলাকায় নতুন ৬টি ক্যাম্প স্থাপন এবং লালমনিরহাটে চতুরবাড়ী বিওপি চালু করা হয়েছে—যা নজরদারি আরও শক্তিশালী করেছে।

নভেম্বর মাসে বিজিবি ও বিএসএফের বিভিন্ন পর্যায়ে ৪১৩টি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলেও তিনি জানান।

প্রেস ব্রিফিংয়ে ফুলবাড়ী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার জিটু এবং অপারেশন অফিসার মেজর তানিম হাসান খান উপস্থিত ছিলেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন