শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
Logo

আইজিপিকে অপসারণের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ

ডেস্ক রিপোর্ট।।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমকে অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে শহীদ পিন্টু স্মৃতি সংসদ। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে অবরোধ শুরু হয়।

ওয়ারী, গেন্ডারিয়া, পুরান ঢাকাসহ বিভিন্ন এলাকা থেকে সহস্রাধিক মানুষ শাহবাগে জড়ো হন। অবরোধের কারণে শাহবাগ এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে।

শহীদ পিন্টু স্মৃতি সংসদের সভাপতি রফিক আহমেদ ডলার বলেন, “শহীদ পিন্টুর হত্যার বিচারের দাবিতে আমরা শাহবাগ অবরোধ করেছি। আইজিপিকে পদ থেকে অপসারণ করা এবং সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হোক।”

শাহবাগ থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান জানান, “বর্তমানে শাহবাগ ব্লকড। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করছি।”

এর আগে রোববার জাতীয় প্রেসক্লাবে শহীদ পিন্টু স্মৃতি সংসদ আয়োজিত প্রতিবাদ সভায় অভিযোগ করা হয়, পিন্টু হত্যাকাণ্ড পরিকল্পিত ছিল। পিলখানা হত্যাকাণ্ড ও ৫৭ সেনা কর্মকর্তার হত্যা মামলায় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের নাম প্রকাশের পরও আইজিপি বাহারুল আলমের বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়নি।

সাবেক মহিলা কাউন্সিলর নাসিমা আক্তার কল্পনা বলেন, “আমার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হাইকোর্টের চিকিৎসার নির্দেশ অমান্য করে তাকে রাজশাহী কারাগারে পাঠানো হয়, রিমান্ড ও নির্যাতনের কারণে তার চোখ নষ্ট হয়।”

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন