সিরাজগঞ্জ সদরে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় মরিয়ম বেগম (৪৮) নামের এক বিধবা নারীকে হত্যা করার অভিযোগে তার প্রেমিক সোহেল রানা (৩৫)–কে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে সিরাজগঞ্জ সদর থানা প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ এ তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তার সোহেল রানা সদর উপজেলার গুনেরগাঁতী গ্রামের আসাদুল্লাহর ছেলে। নিহত মরিয়ম খোকশাবাড়ী হাসপাতাল এলাকার মৃত নূর ইসলামের স্ত্রী।
পুলিশ জানায়, রোববার সকালে সদর উপজেলার নলিছাপাড়া এলাকায় কলাগাছের নিচ থেকে কলাপাতায় মোড়ানো অবস্থায় মরিয়মের লাশ উদ্ধার করা হয়। ঘটনার রহস্য উদঘাটনে একটি বিশেষ তদন্ত টিম গঠন করা হলে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে সোহেল রানাকে শনাক্ত করে রাতেই গ্রেপ্তার করা হয়।
জিজ্ঞাসাবাদে সোহেল রানা জানান, গত ২–৩ বছর ধরে মরিয়মের সঙ্গে তার প্রেমের সম্পর্ক চলছিল। নিয়মিত দেখা-সাক্ষাৎও হতো। সম্প্রতি তিনি মরিয়মকে বিয়ের জন্য চাপ দিলে মরিয়ম সময়ক্ষেপণ করতে থাকেন এবং অন্য একজনের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন বলে দাবি করেন সোহেল।
গত ৫ ডিসেম্বর সন্ধ্যায় কুশাহাটা এলাকায় দেখা করার সময় বিয়েকে কেন্দ্র করে তাদের মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায়ে সোহেল ওড়না দিয়ে মরিয়মকে শ্বাসরোধে হত্যা করেন। পরে মরদেহটি কলাগাছের নিচে ড্রেনে ফেলে পালিয়ে যান।
অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ জানান, আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং মামলার আইনানুগ প্রক্রিয়া চলছে।

