বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

মেহেরপুরে সার সংকটে কৃষকদের বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট।।

রবি মৌসুমের শুরুতেই তীব্র সার সংকটে বিপাকে পড়েছেন মেহেরপুরের কৃষকরা। ন্যায্য দামে সার না পেয়ে রোববার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে সদর উপজেলা কৃষি অফিসের সামনে বিক্ষোভ করেন সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের কৃষকরা।

বিক্ষোভে অংশ নেওয়া কৃষক রিপন সরকার অভিযোগ করেন, স্থানীয় বিএডিসি ডিলার লিমন ট্রেডার্স তিন মাস ধরে কৃষকদের কাছে সার সরবরাহ করছেন না। তার দাবি, ডিলার সিন্ডিকেটের মাধ্যমে চোরাপথে বেশি দামে সার বিক্রি করছে, ফলে প্রকৃত কৃষকরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন।

কৃষক রফিকুল ইসলাম বলেন, “রবি মৌসুমে সার না পেলে মাঠের ফসল উৎপাদন বাধাগ্রস্ত হবে। ডিলারের অনুমোদন বাতিল করে সারের সংকট নিরসনে দ্রুত ব্যবস্থা নিতে হবে।” কৃষকরা ইতোমধ্যে এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মৌখিক অভিযোগ করেছেন।

অন্য কৃষক ফিরোজ হোসেন জানান, “বস্তাপ্রতি ৬০০–৮০০ টাকা বেশি না দিলে সার পাওয়া যায় না। ন্যায্য দামে সার পাওয়া এখন দুঃসাধ্য হয়ে পড়েছে।”

বিক্ষুব্ধ কৃষক মিলন হোসেন বলেন, “আমরা ন্যায্য দামে সার চাই। সিন্ডিকেটের অবসান চাই।”

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম বলেন, “কৃষকদের অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন