ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে রয়েছেন। তবে কতদিন তিনি দেশটিতে থাকতে পারবেন, তা সম্পূর্ণভাবে তাঁর ব্যক্তিগত সিদ্ধান্তের ওপর নির্ভর করবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
একটি লিডারশিপ সামিনারে এনডিটিভির সিইও ও এডিটর-ইন-চিফ রাহুল কানওয়ালের সঙ্গে আলাপকালে জয়শঙ্কর বলেন, “যতদিন তিনি এখানে থাকতে চান, এটি সম্পূর্ণভাবে ভিন্ন বিষয়। এখানে তিনি একটি নির্দিষ্ট পরিস্থিতিতে এসেছিলেন। পরিস্থিতি স্পষ্টতই তার সঙ্গে যা ঘটেছে, তার একটি কারণ রয়েছে। কিন্তু এটি এমন একটি বিষয় যেখানে সিদ্ধান্ত নিতে হবে শুধু তাঁকে।”
ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের ওপর জোর দিয়ে বলেন, ভারত প্রতিবেশী দেশে একটি ‘বিশ্বাসযোগ্য গণতান্ত্রিক প্রক্রিয়া’ দেখতে চায়। তিনি উল্লেখ করেন, বর্তমান সরকারের কেউ কেউ অতীতের নির্বাচনী প্রক্রিয়া নিয়ে আপত্তি তুলেছেন। এই ধরনের সমস্যা সমাধানের প্রথম ধাপ হবে একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা।
জয়শঙ্কর আরও বলেন, “ভারত বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী। দুই দেশের সম্পর্ক গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে আরও শক্তিশালী হতে পারে। আমরা চাই জনগণের ইচ্ছা স্বচ্ছ ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে প্রতিফলিত হোক এবং বাংলাদেশের মঙ্গল হোক।”

