বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিদ্যুৎকর্মী নিহত

ডেস্ক রিপোর্ট।।

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা নিহত হয়েছেন। শনিবার (৬ ডিসেম্বর) সকালে বিআরটি প্রকল্পের উড়ালপুল এলাকার টঙ্গী বাজার বাটাগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত সিদ্দিকুর রহমান (৫৭) বরিশালের বাবুগঞ্জ থানার মৃত ইসমাইল ফকিরের ছেলে। তিনি টঙ্গীর মধুমিতা এলাকায় ভাড়া বাসায় পরিবারের সঙ্গে বসবাস করতেন এবং ঢাকার কেরানীগঞ্জ এলাকায় বিদ্যুৎ বিভাগে চাকরি করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে অফিসে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে তিনি উড়ালপুল এলাকায় বাসের অপেক্ষা করছিলেন। এ সময় কয়েকজন ছিনতাইকারী তার কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। বাঁধা দেওয়ায় ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়রা ঘটনা দেখে পুলিশকে খবর দেন। টঙ্গী পূর্ব থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. আতিকুর রহমান জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে এবং ঘটনার পর পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য একাধিক টিম কাজ করছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন