বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

লক্ষ্মীপুরে জামায়াত নেতার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

ডেস্ক রিপোর্ট।।

লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আসনে দাঁড়িপাল্লার প্রার্থী ও জেলা জামায়াতের আমির এসইউএম রুহুল আমিন ভুঁইয়ার পক্ষে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) দিনব্যাপী আয়োজিত এ ক্যাম্পে মেডিসিন, শিশু, চর্ম ও যৌন, চক্ষু এবং ডায়াবেটিক বিভাগ মিলিয়ে পাঁচ শতাধিক রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন।

সদর উপজেলার রসুলগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে চররুহিতা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ক্যাম্পটি আয়োজন করা হয়। চররুহিতা ইউনিয়ন জামায়াতের আমির ওমর ফারুকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রার্থী রুহুল আমিন ভুঁইয়া।

উদ্বোধনী বক্তব্যে রুহুল আমিন ভুঁইয়া বলেন, “মানবতার সেবা জামায়াতে ইসলামী কাজের মূল ভিত্তি। দেশ পরিচালনায় যোগ্যতা অর্জন, মানবসেবা এবং আল্লাহর সন্তুষ্টি—এই তিন মূলনীতি নিয়ে আমাদের সংগঠন কাজ করে যাচ্ছে।”

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আউয়াল রাসেল, আলিফ মীম হাসপাতালের চেয়ারম্যান আমির হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা কমিটির সহসেক্রেটারি আবুল বাশার, চররুহিতা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আলী আহমেদ এবং রসুলগঞ্জ বাজার পরিচালনা কমিটির সভাপতি শামছুল আলম রিটুসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন