বাংলাদেশের সর্বোচ্চ আদালতে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য ভারতের কাছে যে অনুরোধ পাঠানো হয়েছে, সে বিষয়ে এখনো কোনো ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
শুক্রবার (৫ ডিসেম্বর) রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন,
“এ ধরনের প্রক্রিয়া তাৎক্ষণিকভাবে নিষ্পত্তি হয় না। ভারতের পক্ষ থেকে কী আসে, তা পর্যবেক্ষণে রাখা হয়েছে। আপাতত শুধু জানানো হয়েছে—বিষয়টি তারা পরীক্ষা-নিরীক্ষা করছে।”
তারেক রহমান কবে দেশে ফিরবেন—এ বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য নেই বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা।
তিনি আরও জানান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ঢাকায় পৌঁছেছেন বলে ধারণা করা হচ্ছে।
এদিন খালেদা জিয়ার লন্ডন যাত্রা পিছিয়ে যাওয়ার কারণ জানিয়ে তিনি বলেন,
“এয়ার অ্যাম্বুলেন্সে টেকনিক্যাল সমস্যা থাকার কারণে আজ ম্যাডামকে লন্ডনে নেওয়া যাচ্ছে না।”
মিয়ানমারের আরাকান আর্মির হাতে বাংলাদেশি জেলেদের আটকের বিষয়ে তৌহিদ হোসেন জানান,
“আরাকান আর্মি কোনো রাষ্ট্রীয় পক্ষ নয়। ফলে আনুষ্ঠানিকভাবে তাদের সঙ্গে আলোচনা কঠিন। তারপরও আমাদের স্বার্থ জড়িত থাকায় বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।”
তিনি বলেন, কিছু তথ্য প্রকাশ করা সম্ভব না হলেও এমন ঘটনা যাতে না ঘটে বা কম ঘটে—সেজন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।
চীনের অর্থায়নে ঢাকায় নির্মাণের কথা থাকলেও সরকার হাসপাতাল প্রকল্পটি নীলফামারীতে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে।
পররাষ্ট্র উপদেষ্টার মতে, এই পরিকল্পনা এমনভাবে করা হয়েছে যাতে রংপুর ছাড়াও ভারত-ভুটানসহ প্রতিবেশী দেশের রোগীরাও চিকিৎসা নিতে পারেন।
তিনি আরও বলেন, রংপুর অঞ্চলে শিল্প-কারখানা কম থাকায় কর্মসংস্থান সৃষ্টি এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এবং সরকার এ বিষয়ে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে।
তৌহিদ হোসেন বলেন,
“দেশকে একটি সুসংগঠিত অবস্থায় নির্বাচিত প্রতিনিধিদের হাতে তুলে দিতে চাই। সব রিফর্ম একসঙ্গে শেষ করা সম্ভব নয়—এটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। তবে আমরা এমন ভিত্তি তৈরি করতে চাই, যাতে ভবিষ্যৎ সরকার জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে পারে।”
চার দিনের সফরে রংপুরে এসে উপদেষ্টা আজ শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করবেন।
শনিবার সকালে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় এবং বিকেলে রংপুর ক্যাডেট কলেজ সফরের পরিকল্পনা রয়েছে।
রোববার (৭ ডিসেম্বর) তিনি নীলফামারীর মাগুরা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় শেষে বিকেলে সৈয়দপুর বিমানবন্দর থেকে ঢাকায় ফিরবেন।

