গাইবান্ধা জেলায় বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) স্বাধীনতা প্রাঙ্গণ মাঠে অনুষ্ঠিত ছাত্র ও যুব সমাবেশে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির সভাপতি জাহিদুল ইসলাম দেশের রাজনৈতিক সংস্কারে তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণের গুরুত্বের ওপর জোর দেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দেশকে এগিয়ে নিতে হলে রাজনৈতিক দলগুলোকে কাঁদা ছোড়াছুড়ি, হত্যা, চাঁদাবাজি ও দখলদারিত্বের রাজনীতি থেকে বের হতে হবে। বাংলাদেশে একটি উদার রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করতে হবে। একই সঙ্গে মেধাবী ছাত্রসমাজকে জনসম্পদে পরিণত করা গেলে দেশ পৃথিবীর উন্নত রাষ্ট্রের তালিকায় স্থান পাবে।”
জাহিদুল ইসলাম আরও বলেন, “তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে এবং রাষ্ট্রের উন্নয়নে শিক্ষিত ও মেধাবী শিক্ষার্থীদের কাজে লাগাতে হবে। ট্যাগিংয়ের রাজনীতি বন্ধ না হলে দেশ পতিত স্বৈরাচারের শিকার হবে। দেশের স্বার্থে সব রাজনৈতিক দলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানাচ্ছি।”
সমাবেশে সভাপতিত্ব করেন গাইবান্ধা জেলা জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি ফয়সাল কবির রানা, এবং বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিস সূরা সদস্য ডা. আব্দুর রহিম, জেলা জামায়াতে আমির আবদুল করিম, সিনিয়র নায়েবে আমির ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেস, নায়েবে আমির অধ্যাপক মাজেদুর রহমান মাজেদ ও নায়েবে আমির অধ্যক্ষ নজরুল ইসলাম লেবু।
সমাবেশে উপস্থিত শিক্ষার্থী ও যুবকরা দেশের রাজনীতিতে শান্তি ও উন্নয়নের জন্য তরুণ সমাজকে সক্রিয় হওয়ার আহ্বান মেনে চলার অঙ্গীকার করেছেন।

