দেশে ছুটি কাটাতে আসা প্রবাসীরা ৬০ দিন পর্যন্ত রেজিস্ট্রেশন ছাড়া স্মার্টফোন ব্যবহার করতে পারবেন। ৬০ দিনের বেশি থাকলে অবশ্য মোবাইল ফোন রেজিস্ট্রেশন বাধ্যতামূলক হবে।
সোমবার (১ ডিসেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত সভায় এনবিআর, বাণিজ্য মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং বিটিআরসি এই সিদ্ধান্ত নেয়। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব সভায় উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিএমইটি রেজিস্ট্রেশন কার্ডধারী প্রবাসীরা নিজের ব্যবহারের ফোনের পাশাপাশি আরও দুটি ফোন নিয়ে আসতে পারবেন। চতুর্থ ফোনের জন্য শুল্ক দিতে হবে। যাদের বিএমইটি কার্ড নেই, তারা একটি অতিরিক্ত ফোন শুল্ক ছাড়া আনতে পারবেন।
সভায় সিদ্ধান্ত হয়েছে বৈধভাবে আমদানি করা মোবাইল ফোনের শুল্ক উল্লেখযোগ্য হারে কমানো হবে। বর্তমানে বৈধ আমদানি শুল্ক প্রায় ৬১ শতাংশ। এই পদক্ষেপ দেশের মোবাইল ডিভাইস ইন্ডাস্ট্রি ও স্থানীয় ফ্যাক্টরির উৎপাদন খরচ কমাতে সাহায্য করবে।
প্রবাসী ও সাধারণ গ্রাহকদের সতর্ক থাকতে বলা হয়েছে, যে কেউ তাদের নামে নিবন্ধিত সিম ব্যবহার করছে কিনা। সাইবার অপরাধ, অনলাইন স্ক্যামিং বা মোবাইল ব্যাংকিংজনিত ঝুঁকি এড়াতে সবসময় নিজের নামে নিবন্ধিত সিম ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।
সভায় বিদেশ থেকে পুরোনো ফোনের ডাম্পিং বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া, প্রস্তাবিত টেলিযোগাযোগ অধ্যাদেশ (সংশোধনী) ২০২৫ মোবাইল সিম ও IMEI রেজিস্ট্রেশনের তথ্য সুরক্ষার নিশ্চয়তা দেবে এবং লঙ্ঘনকারীদের জন্য কঠোর আইনি ব্যবস্থা অন্তর্ভুক্ত করবে।

