পাবনার ঈশ্বরদীতে আটটি কুকুরছানাকে পুকুরে ডুবিয়ে হত্যা করার ঘটনায় অভিযুক্ত নিশি খাতুনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২ ডিসেম্বর) ভোর রাত ১টার দিকে ভাড়াবাসা থেকে তাকে আটক করা হয়। এই তথ্য নিশ্চিত করেছেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার।
ঈশ্বরদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন রাত ৯টায় প্রাণী কল্যাণ আইন-২০১৯ এর ৭ ধারায় থানায় মামলা দায়ের করেন। মামলায় নিশি খাতুনকে আসামি করা হয়েছে।
এ ঘটনায় এনিমেল অ্যাক্টিভিস্ট কমিটি ঢাকা থেকে তদন্ত টিম পাঠিয়েছে। তারা ক্ষতিগ্রস্ত পশুদের প্রতি সঠিক ন্যায়বিচার ও আইনগত ব্যবস্থা নিশ্চিত করার জন্য ঘটনাস্থল পরিদর্শন করেছে।
নিশি খাতুনের স্বামী এবং ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়নকে সরকারি কোয়ার্টার ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানিয়েছেন, তারা ইতিমধ্যেই বাসা খালি করে অন্যত্র চলে গেছেন।
জানা গেছে, ১ নভেম্বর নিশি খাতুন আটটি কুকুরছানাকে বস্তাবদ্ধ করে পুকুরে ডুবিয়ে হত্যা করেন। স্থানীয়দের উদ্বেগের কারণে প্রশাসন ও এনিমেল অ্যাক্টিভিস্টরা তৎপরভাবে তদন্ত চালাচ্ছেন।

