মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

এবারের আইপিএল নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্য মোস্তাফিজের, আছেন সাকিবও

ডেস্ক রিপোর্ট।।

আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মিনি নিলাম অনুষ্ঠিত হবে আগামী ১৬ ডিসেম্বর আবুধাবিতে। এবারের নিলামে নাম জমা দিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের মোট ১ হাজার ৩৫৫ জন ক্রিকেটার। তাদের মধ্যে রয়েছেন বাংলাদেশের দুজন তারকা—মোস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান।

মিনি নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ২ কোটি রুপি। এই ক্যাটাগরিতে উঠবেন মোস্তাফিজসহ ৪৩ জন বিদেশি ক্রিকেটার। এ তালিকায় আরও রয়েছেন—ক্যামেরন গ্রিন, স্টিভ স্মিথ, জেমি স্মিথ, মুজিব উর রহমান, নাভিন উল হক, শন অ্যাবট, লিয়াম লিভিংস্টোন, রাচিন রাভিন্দ্রা, লুঙ্গি এনগিডি, এনরিখ নরকিয়া, মাহেশ থিকশানা, ওয়ানিন্দু হাসারঙ্গা প্রমুখ।

অন্যদিকে, আইপিএলে ৭১ ম্যাচ খেলা সাকিব আল হাসান নিজের ভিত্তিমূল্য রেখেছেন ১ কোটি রুপি। বিয়ের কারণে জস ইংলিস খেলতে পারবেন কি না তা অনিশ্চিত হলেও তিনি নিলামের জন্য নাম দিয়েছেন। তবে চমক হিসেবে এবছর ড্রাফটে নাম নেই গ্লেন ম্যাক্সওয়েলের।

ভারতীয় ক্রিকেটারদের বড় একটি দলও নিলামে অংশ নিচ্ছে। তালিকায় রয়েছেন মায়াঙ্ক আগরওয়াল, ভেঙ্কটেশ আইয়ার, রবি বিষ্ণুই, দীপক হুদা, পৃথ্বী শ, উমেশ যাদবসহ আরও অনেকে। তবে সর্বোচ্চ ভিত্তিমূল্য ২ কোটি রুপি রেখেছেন কেবল দুজন—রবি বিষ্ণুই ও ভেঙ্কটেশ আইয়ার।

এবারের আইপিএল ড্রাফটে খেলোয়াড় রয়েছে মোট ১৪টি দেশ থেকে। আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, বাংলাদেশ, আইরিশ, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, নেদারল্যান্ডস, স্কটল্যান্ডসহ বিভিন্ন দেশের ক্রিকেটাররা উঠবেন নিলামে। চমক হিসেবে জায়গা পেয়েছেন মালয়েশিয়ার একজন ক্রিকেটারও—ভারতীয় বংশোদ্ভূত অলরাউন্ডার বিরানদীপ সিং।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন