জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, রাজনৈতিকভাবে দিশেহারা হয়ে কেউ যদি চোরাগলির পথে হাঁটতে চায়, প্রয়োজন হলে আবারও ‘৫ আগস্টের মতো গণপ্রতিরোধ’ গড়ে উঠবে। তার ভাষায়, “যে ৫ আগস্ট সন্ত্রাস ও ফ্যাসিবাদকে প্রতিহত করেছিল, প্রয়োজনে সেই ৫ আগস্ট আবারও ঘটবে।”
সোমবার (১ ডিসেম্বর) বিকেলে খুলনা মহানগরীর শিববাড়ী বাবরী চত্বরে জামায়াতে ইসলামীসহ আট দলের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই সতর্কবার্তা দেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মো. রেজাউল করিম।
নির্বাচনকে কেন্দ্র করে ষড়যন্ত্র চলছে—এমন অভিযোগ তুলে ডা. শফিকুর রহমান বলেন,
“বিভিন্ন জায়গায় বসে ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে। কিন্তু সময় শেষ। বাংলাদেশে এমন কোনো ষড়যন্ত্র সফল হবে না। আমরা তা হতে দেব না।”
তিনি বলেন, কিছু রাজনৈতিক দল ও ব্যক্তিই অতীতে দেশকে দুর্নীতির চ্যাম্পিয়ন বানিয়ে বিশ্বে লজ্জিত করেছে। জনগণ তাদের অতীত সম্পর্কে ভালোভাবেই জানে।
দেশে চাঁদাবাজির দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় সাধারণ জনগণ, ব্যবসায়ী ও শিল্পপতিরা অতিষ্ঠ বলেও মন্তব্য করেন তিনি।
“আগের তুলনায় চাঁদাবাজির হার বেড়ে গেছে। কেউ শান্তিতে নেই। সবাই বলছেন—আগে ভালো ছিলাম না, এখন আরও খারাপ,” যোগ করেন জামায়াত নেতা।

