বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

রোহিঙ্গা যুবক ভুয়া তথ্য দিয়ে পাসপোর্ট নেয়ার চেষ্টা, ধরা পড়ল ফতুল্লায়

ডেস্ক রিপোর্ট।।

নারায়ণগঞ্জের ফতুল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিসে ভুয়া তথ্য ব্যবহার করে পাসপোর্ট সংগ্রহের চেষ্টা করতে গিয়ে ধরা পড়েছেন একজন রোহিঙ্গা যুবক। সোমবার (১ ডিসেম্বর) দুপুরে বায়োমেট্রিক যাচাইয়ের সময় পরিচয় মিল না হওয়ায় তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম আজিজ খান। তিনি প্রথমে নিজেকে হাফেজ পরিচয় দিয়ে আব্দুল আজিজ নামে পরিচয় দেন। তার দেয়া তথ্য অনুযায়ী, বয়স ২৫ বছর, জন্ম ২০০০ সালের ১০ জানুয়ারি। বাবা-মায়ের নাম হাজী নজিবুল্লাহ ও শুকরা বেগম উল্লেখ করেন। তবে বায়োমেট্রিক স্ক্যানে প্রকৃত পরিচয় ধরা পড়ে। রোহিঙ্গা তথ্য অনুযায়ী তার আসল জন্ম তারিখ ২০০১ সালের ৫ জানুয়ারি এবং বাবা-মায়ের নাম সালামত খান। তিনি বাংলাদেশে প্রবেশ করেন ২০১৮ সালের ২ ফেব্রুয়ারি।

পাসপোর্টের জন্য প্রদত্ত ঠিকানা এবং জাতীয় পরিচয়পত্রে দেখানো ঠিকানা মিলছে না। পাসপোর্ট আবেদন অনুযায়ী তিনি সোনারগাঁয়ের কাঁচপুর এলাকার বাসিন্দা দেখান, কিন্তু জাতীয় পরিচয়পত্রে ঠিকানা মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা গ্রাম।

নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক শামীম আহমেদ জানান, আজিজ ১৮ হাজার টাকার বিনিময়ে ভুয়া এনআইডি সংগ্রহ করেছিলেন। বায়োমেট্রিক যাচাইয়ে তার প্রকৃত পরিচয় শনাক্ত হওয়ার পর তাকে পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, পাসপোর্ট একটি গুরুত্বপূর্ণ সরকারি নথি, যেখানে কোনো ধরনের ভুয়া তথ্য গ্রহণযোগ্য নয়। এ ঘটনার সঙ্গে জড়িত দালালচক্রকে খুঁজে বের করার কাজ চলছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন