গাজীপুরে কয়েক ঘণ্টার ব্যবধানে তিনটি পৃথক স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১ ডিসেম্বর) ভোর ৫টা থেকে সকাল ১০টার মধ্যে টঙ্গীর মাঝুখান, কোনাবাড়ীর আমবাগ এবং কালিয়াকৈরের চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় এসব আগুন লাগে। এতে চারটি তুলার গুদাম, একটি ঝুটের গোডাউন এবং একটি টিনশেড কলোনি সম্পূর্ণ পুড়ে যায়।
ফায়ার সার্ভিস জানায়, ভোরে টঙ্গীর মাঝুখানে একটি তুলার গুদামে আগুনের সূত্রপাত হয়, যা আরও দুটি গুদামে ছড়িয়ে পড়ে। চারটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
অন্যদিকে কোনাবাড়ীর আমবাগ এলাকায় পলাশ মিয়ার ঝুট গোডাউনে আগুন লাগে; চারটি ইউনিট সোয়া এক ঘণ্টায় আগুন নেভায়।
সকাল সাড়ে ৯টায় কালিয়াকৈরের চন্দ্রা দিঘির পাড়ে একটি টিনশেড কলোনি দগ্ধ হয়, যেখানে ৮০টি কক্ষ পুড়ে ছাই হয়ে যায়।
ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ মামুন জানান, তিনটি ঘটনাতেই আগুন নিয়ন্ত্রণে এসেছে। হতাহতের ঘটনা নেই। আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।

