বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

ফরিদপুরে ৪ ঘণ্টা ধরে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ চলছে, শতাধিক আহত

ডেস্ক রিপোর্ট।।

ফরিদপুরের সালথা উপজেলায় স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি সমর্থিত দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২৯ নভেম্বর) সকাল ৭টার দিকে গট্টি ইউনিয়নের বালিয়াগট্টি বাজারকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয়, যা দ্রুতই পার্শ্ববর্তী কয়েকটি গ্রামে ছড়িয়ে পড়ে। দুপুর ১২টা পর্যন্ত পরিস্থিতি উত্তপ্ত ছিল।

স্থানীয়রা জানান, ইউনিয়নের দুই প্রভাবশালী ব্যক্তি—নুরু মাতুব্বর ও জাহিদ মাতুব্বরের মধ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক আধিপত্যকে ঘিরে বিরোধ চলে আসছিল। দু’জনই ফরিদপুর-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুর সমর্থক।

সকাল থেকেই দেশীয় অস্ত্র, লাঠিসোটা ও ইট-পাটকেল নিয়ে উভয় পক্ষের শতাধিক মানুষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় গ্রুপের কমপক্ষে ১০০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বেশ কিছু ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে।

হাবেলী গট্টি গ্রামের বৃদ্ধ বাসিন্দা আলেপ শেখ সংঘর্ষে গুরুতর আহত হয়ে নিজ বাড়িতে আটকা পড়েছেন বলে জানান তার স্বজন কবির হোসেন। তিনি বলেন, “শ্বশুর বাড়িতে ছিলেন। তার পায়ে একাধিক কোপ দেয়া হয়েছে। পরিস্থিতি খারাপ হওয়ায় আমরা তাকে উদ্ধার করতে পারছি না।”

এদিকে জাহিদপন্থী গ্রুপের নেতৃত্বে বালিয়া বাজার এলাকায় পাঁচটি গরু লুটের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালামকে দেখা যায় বলে দাবি স্থানীয়দের।

ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। সালথা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই মারুফ হাসান জানান, “পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। অতিরিক্ত বাহিনী কাজ করছে। পরে বিস্তারিত জানানো হবে।”

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন