হংকংয়ের উত্তরাঞ্চল তাই পো জেলার একটি আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, কিছু বাসিন্দা এখনও ভবনের ভেতরে আটকা রয়েছেন।
ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, ওয়াং ফুক কোর্ট কমপ্লেক্সের অন্তত তিনটি আবাসিক ভবনের বাঁশের মাচায় প্রথমে আগুন ধরে যায় এবং তা দ্রুত অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে। কমপ্লেক্সটি মোট আটটি ব্লক নিয়ে গঠিত এবং এখানে প্রায় ২ হাজার ফ্ল্যাট রয়েছে।
সরকারের তথ্য সেবা বিভাগের একজন প্রতিনিধি জানিয়েছেন, স্থানীয় সময় বিকেল ৫টা পর্যন্ত চারজনের মৃত্যুর তথ্য নিশ্চিত হয়েছে। আহত দু’জনের অবস্থা আশঙ্কাজনক, আর একজন স্থিতিশীল অবস্থায় রয়েছেন। স্থানীয় গণমাধ্যম জানাচ্ছে, নিহতদের মধ্যে একজন দমকলকর্মীও রয়েছেন।
এএফপি জানায়, অগ্নিকাণ্ডে অন্তত একজন পুরুষ ও একজন নারী গুরুতর দগ্ধ হয়েছেন এবং তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। পুলিশ ইতিমধ্যেই কিছু বাসিন্দা আটকা পড়ার খবর পেয়েছে।
টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে, একাধিক টাওয়ারের বাঁশের মাচা থেকে ঘন ধোঁয়া উঁচুতে উঠছে। কর্তৃপক্ষ অগ্নিকাণ্ডের ঘটনায় দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে।
ফায়ার সার্ভিসের কর্মীরা তৎপর হয়ে অগ্নিনির্বাপন কাজ শুরু করেছেন এবং পাশের মহাসড়কের কিছু অংশ বন্ধ করা হয়েছে। বাসিন্দাদের ঘরে অবস্থান, দরজা-জানালা বন্ধ রাখার এবং শান্ত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি অগ্নিকাণ্ড এলাকা এড়িয়ে চলার জন্য জনগণকে সতর্ক করা হয়েছে।
গত মাসেও হংকংয়ের কেন্দ্রীয় ব্যবসায়িক জেলা থেকে একটি ভবনের মাচায় আগুন ধরে অন্তত চারজন হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

