বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে আকাশপথে নতুন সংযোগ স্থাপনের উদ্যোগে আগামী ডিসেম্বর থেকেই ঢাকা ও করাচির মধ্যে সরাসরি ফ্লাইট চালু হতে পারে। পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হোসেন খান এ তথ্য জানিয়েছেন। বিষয়টি জানায় পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।
হাইকমিশনার জানান, ইরানের এয়ারলাইন মহান এয়ার সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনার প্রস্তাব করেছে। সরাসরি এই রুট চালু হলে দুই দেশের বাণিজ্যিক যোগাযোগ আরও সহজ হবে এবং অর্থনৈতিক সম্পর্ক জোরদার হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
লাহোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এলসিসিআই)-এর এক অনুষ্ঠানে হাইকমিশনার জানান, দুই দেশের ভিসা প্রক্রিয়া আগের চেয়ে সহজ করা হয়েছে। এলসিসিআই এবং বাংলাদেশ অনারারি কনস্যুলেটের যৌথ সুপারিশে এখন সদস্যদের তিন থেকে চার দিনের মধ্যেই ভিসা দেওয়া হচ্ছে। এতে ব্যবসায়িক ভ্রমণ আরও গতিশীল হবে বলে তিনি মনে করেন।
দুই দেশের বাণিজ্যের সম্ভাবনার কথা তুলে ধরে ইকবাল হোসেন খান বলেন, পাকিস্তান বাংলাদেশে চাল রপ্তানি করতে পারে এবং বাংলাদেশ পাকিস্তানে সতেজ আনারস রপ্তানি করতে সক্ষম। পাশাপাশি টেক্সটাইল ও তৈরি পোশাক খাতেও সহযোগিতা বৃদ্ধির সুযোগ রয়েছে।
তিনি আরও জানান, শিগগিরই দুই দেশের মধ্যে সরাসরি কার্গো পরিবহন সেবা চালুর পরিকল্পনা রয়েছে। গত বছর বাংলাদেশ–পাকিস্তানের কার্গো পরিবহন শুরু হয়, আর বাড়তি চাহিদার কারণে এবার সরাসরি সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।
বাণিজ্যের পাশাপাশি শিক্ষা খাতেও সহযোগিতা বাড়াতে চায় দুই দেশ। হাইকমিশনার জানান, পাকিস্তানের উচ্চশিক্ষা কমিশনের একটি প্রতিনিধি দল শিগগিরই বাংলাদেশ সফর করবে। ১২টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি এই দলে থাকবেন, যারা বাংলাদেশি শিক্ষার্থীদের পাকিস্তানে উচ্চশিক্ষায় উৎসাহিত করার বিষয়ে আলোচনা করবেন।

