বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

পার্লামেন্টে বোরকা অবমাননার অভিযোগে অস্ট্রেলিয়ার নারী সিনেটর বহিষ্কার

ডেস্ক রিপোর্ট।।

অস্ট্রেলিয়ার ফেডারেল পার্লামেন্টে বোরকা অবমাননার ঘটনায় উগ্র-ডানপন্থি সিনেটর পলিন হ্যানসনকে সাত কর্মদিবসের জন্য বহিষ্কার করেছে দেশটির সিনেট। বোরকা নিষিদ্ধের দাবিতে প্রতিবাদের অংশ হিসেবে তিনি সম্পূর্ণ বোরকা পরে সংসদে প্রবেশ করেন—যা নিন্দার ঝড় তুলেছে রাজনৈতিক মহলে।

ঘটনাটি সিনেট অধিবেশনে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দেয়। মুসলিম আইনপ্রণেতাসহ বিভিন্ন দলীয় সদস্যরা এই আচরণকে ‘বর্ণবাদী, উত্তেজনাপূর্ণ এবং অস্ট্রেলিয়ার মূল্যবোধবিরোধী’ বলে আখ্যায়িত করেন।

হ্যানসন সংসদে বোরকা নিষিদ্ধ করতে একটি বিল উত্থাপন করতে চেয়েছিলেন, কিন্তু ব্যর্থ হন। এরপরই তিনি বোরকা পরে অধিবেশনে হাজির হন এবং পরে খুলে ফেলেন। তার এই আচরণ মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় পোশাককে উপহাস করার প্রচেষ্টা বলে সমালোচিত হয়।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি অং, যিনি সিনেটে সরকারপক্ষের নেতৃত্ব দিচ্ছেন, বলেন—
“সিনেটর হ্যানসনের বিদ্বেষপূর্ণ লোকদেখানো আচরণ আমাদের সমাজের বন্ধন ক্ষতিগ্রস্ত করেছে। এ ধরনের কর্মকাণ্ড বিশ্বব্যাপী অস্ট্রেলিয়ার ভাবমূর্তিকে দুর্বল করে। তিনি একটি বিশ্বাস ও ধর্মকে অবমাননা করেছেন, যা পালন করেন প্রায় ১০ লাখ অস্ট্রেলিয়ান।”

তিনি আরও বলেন, “পার্লামেন্টে এমন অবমাননাকর আচরণ আগে কখনো দেখা যায়নি।”

সমালোচনার পরও পলিন হ্যানসন তার কর্মকাণ্ডের সাফাই দিয়ে বলেন,
“যদি ব্যাংক বা যেকোনো স্থানে হেলমেট খুলতে বলা হয়, তাহলে বোরকা কেন ব্যতিক্রম হবে?”
তার দাবি, ড্রেসকোড না থাকায় তিনি পার্লামেন্টে যা ইচ্ছা পরেই প্রবেশ করতে পারেন।

কুইন্সল্যান্ডের এই সিনেটর ১৯৯০-এর দশক থেকেই দক্ষিণ এশিয়া থেকে অভিবাসন এবং মুসলিম পোশাকের বিরুদ্ধে অবস্থান নিয়ে পরিচিতি পান। তার সাম্প্রতিক কর্মকাণ্ডও সেই বিতর্কিত অবস্থানেরই ধারাবাহিকতা বলে মন্তব্য পর্যবেক্ষকদের।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন