লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় দোকানে ঢুকে আনোয়ার হোসেন (৫০) নামে এক কনফেকশনারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ব্যক্তিগত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে ভোলাকোট ইউনিয়নের নাগমুদ বাজারে এ ঘটনা ঘটে।
নিহত আনোয়ার সাহারপাড়া গ্রামের বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে নাগমুদ বাজারে কনফেকশনারির ব্যবসা করে আসছিলেন। ঘটনার পরপরই স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় অভিযুক্ত ইউছুফ নামে এক যুবকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তিনি একই গ্রামের এরশাদ মিয়ার ছেলে। প্রবাসে থাকার পর দেড় বছর আগে দেশে ফিরে তিনি আর বিদেশে যাননি।
স্থানীয়রা জানান, সকালে দোকানে বসে থাকা অবস্থায় ইউছুফ এসে আনোয়ারের সঙ্গে তর্কে জড়ান। পরে দোকানের ভেতরে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে বুকে ও পেটে আঘাত করেন। ঘটনার পর তিনি পালিয়ে যান।
নিহতের স্ত্রী জান্নাত আক্তার সাথী বলেন, “আমার স্বামীকে কেন হত্যা করা হয়েছে, তা বুঝতে পারছি না। আমি এর বিচার চাই।”
রামগঞ্জ থানার ওসি আব্দুল বারী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ব্যক্তিগত বিরোধ থেকেই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। অভিযুক্ত ইউছুফকে আটকের চেষ্টা চলছে।

