ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নে এক স্বেচ্ছাসেবক দলের নেতা মোহাম্মদ তুষার আলী জনসম্মুখে দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন। রোববার (২৩ নভেম্বর) দুপুরে খোচাবাড়ি বাজারে নিজের দোকানের সামনে এ ঘটনাটি ঘটে।
মোহাম্মদ তুষার আলী সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি দাবি করেন, দীর্ঘদিন দলের জন্য কাজ করার পরও তার ত্যাগ ও নিষ্ঠার মূল্যায়ন করা হয়নি। বারবার রাজনৈতিক হয়রানির শিকার হওয়ার পর বর্তমান অবস্থায় নিজের অবমূল্যায়নকে গভীরভাবে আঘাতজনক মনে করেছেন তিনি।
তুষার আলী বলেন, “আমি দলের দুঃসময়ে দিনের পর দিন কষ্ট করেছি। তবুও বর্তমান সময়ে আমার এই ত্যাগের কোনো মূল্যায়ন হয়নি। তাই মনে হলো, এতদিনের পরিশ্রম বৃথা গেছে। রাজনীতিতে হয়তো কোনো পাপ জমেছে। এজন্য দুধ দিয়ে গোসল করে নিজেকে পবিত্র করে পদত্যাগ করলাম।”
জগন্নাথপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম সাংবাদিকদের বলেন, “তিনি আমাদের স্বেচ্ছাসেবক দলের ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ছিলেন। কেন পদত্যাগ করেছেন তা এখনো নিশ্চিত নই। তাঁর সঙ্গে কথা বলে বিস্তারিত জানা যাবে।”
উপজেলায় এ ধরনের অভিনব পদত্যাগ অনুষ্ঠান নজরে এসেছে এবং স্থানীয়রা বিষয়টিকে বিস্ময়ের সঙ্গে দেখছেন।

