নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির প্রতি অপ্রত্যাশিতভাবে প্রশংসা ও সমর্থন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মেয়রের দায়িত্ব পালনে মামদানি “চমৎকার দক্ষতা দেখাবেন” বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
গতকাল শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মামদানি। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, “আমার দৃষ্টিভঙ্গিতে কিছু পরিবর্তন এসেছে। এখন আমি নিশ্চিত, নিউইয়র্কের মেয়র হিসেবে তিনি অসাধারণ কাজ করবেন। এমনকি অনেক রক্ষণশীলকেও তার কাজ দিয়ে বিস্মিত করবেন।”
৫ নভেম্বরের নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জোহরান মামদানি মোট ভোটের ৫০ শতাংশ পেয়ে ঐতিহাসিক জয় অর্জন করেন। আগামী ১ জানুয়ারি শপথ নেওয়ার পর ৩৪ বছর বয়সী এই নেতা হবেন নিউইয়র্ক সিটির ইতিহাসে সর্বকনিষ্ঠ ও প্রথম মুসলিম মেয়র।
নির্বাচনী প্রচারণায় ট্রাম্প প্রশাসন মামদানির বিরুদ্ধে ব্যাপক নেতিবাচক প্রচার চালালেও বৈঠকের পর সেই বিরোধিতার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। এর আগে ট্রাম্প তাকে “কমিউনিস্ট উন্মাদ” আখ্যা দিয়ে নির্বাচিত হলে নিউইয়র্কের জন্য বরাদ্দ অর্থ বন্ধ করার হুমকি দিয়েছিলেন। মার্কিন সংবাদমাধ্যমে তথ্য অনুযায়ী, মামদানির বিরুদ্ধে রিপাবলিকান প্রচারণায় ব্যয় হয়েছিল প্রায় ২৪০ কোটি ডলার।
তবে শুক্রবারের বৈঠকের পর ট্রাম্প বলেন, “আমরা বহু বিষয়ে একমত হয়েছি। একটি বড় মিল হলো—আমরা দু’জনই নিউইয়র্ক সিটিকে গভীরভাবে ভালোবাসি এবং এর উন্নতি চাই।”
বৈঠকের পর মামদানি সাংবাদিকদের জানান, “নিউইয়র্ক সিটির জনগণের সমস্যা ও ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে। এটি ছিল অত্যন্ত সম্মানজনক ও আন্তরিক একটি বৈঠক।”

