মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

মুশফিককে প্রশংসায় ভাসিয়ে যা বললেন দুবারের বিশ্বকাপজয়ী রিকি পন্টিং

ডেস্ক রিপোর্ট।।

বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে নতুন অধ্যায় রচনা করলেন মুশফিকুর রহিম। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্টে মাঠে নামার মুহূর্তটি হয়ে উঠেছে স্মরণীয়, যেখানে তাকে ঘিরে ছিলেন তার অভিষেক টেস্ট ও ১০০তম টেস্টের সতীর্থরা।

বুধবার (১৯ নভেম্বর) ম্যাচ শুরুর আগে বিশেষ আয়োজনে মুশফিকের হাতে ‘১০০’ খোদাই করা স্মারক টেস্ট ক্যাপ তুলে দেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। ঐতিহাসিক মাইলফলকের মুহূর্তে টেস্ট ব্যাজ উপহার দেন টেস্ট দলের প্রথম ক্রিকেটার আকরাম খান। পরে প্রথম ম্যাচ ও শততম টেস্টের জার্সি অটোগ্রাফসহ তুলে দেওয়া হয় হাবিবুল বাশার ও নাজমুল হোসেন শান্তর হাত থেকে। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম ও পরিচালক নাজমূল আবেদীনও বিশেষ ক্রেস্ট দিয়ে মুশফিককে সম্মাননা জানান।

মুশফিকের এই অর্জনে শুধু সতীর্থরাই নন, মুগ্ধ হয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনের কিংবদন্তিরাও। আইসিসি রিভিউ পডকাস্টে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং বলেন,
“১০০ টেস্ট খেলা অবিশ্বাস্য অর্জন। দীর্ঘ সময় উচ্চমাত্রার ক্রিকেটে পারফর্ম করাই সত্যিকারের মানসম্পন্ন ক্রিকেটারের পরিচয়—সে জায়গায় মুশফিক নিঃসন্দেহে হাই কোয়ালিটি খেলোয়াড়।”

অভিজ্ঞতার আলোকে আরও উজ্জ্বল হয়ে ওঠা মুশফিকের প্রশংসায় পন্টিং যোগ করেন,
“৮০–৯০ টেস্ট খেলার পর একজন ক্রিকেটার নিজের শ্রেষ্ঠত্ব বুঝে যায় এবং আরও ভালো করতে থাকে। ক্যারিয়ারের শেষ দিকে এসে এই লেভেলে খেলা কঠিন হলেও মুশফিক সেটা দুর্দান্তভাবে প্রমাণ করেছে। তার শততম টেস্টটা যেন ক্যারিয়ারের অন্যতম সেরা ম্যাচ হয়—এই শুভকামনাই রইল।”

বাংলাদেশ ক্রিকেটের অন্যতম ধারক-বাহক মুশফিকের এই মাইলফলক শুধু তার ব্যক্তিগত অর্জন নয়—বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসেও তা একটি গৌরবময় মুহূর্ত।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন