চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (চাকসু) নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট ইব্রাহিম হোসেন রনি বলেছেন, জুলাই আন্দোলনে নিহতদের পরিবার বিচার না পাওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। সোমবার (১৭ নভেম্বর) বিকেলে নাটোরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে রনি অভিযোগ করেন, জনগণের প্রত্যাশায় দায়িত্ব নেওয়া প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আন্দোলনে নিহতদের ন্যায্য বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন। তিনি বলেন, “একজন মা তার সন্তান হারিয়েছেন, একজন বাবা তার ছেলেকে হারিয়েছেন—তাদের বেদনার বিচার রাষ্ট্রকেই নিশ্চিত করতে হবে। আহতদের চিকিৎসা, পঙ্গু পরিবারগুলোর পুনর্বাসন এবং ন্যায়বিচার ছাড়া দেশে কোনো নির্বাচন হতে পারে না।”
তিনি আরও বলেন, “ক্ষমতার বাইরে যারা কষ্ট পেয়েছেন, তাদের পাশে দাঁড়ানোই প্রধান দায়িত্ব। দাবি মেনে না নেওয়া প্রধান উপদেষ্টার ব্যর্থতাই স্পষ্ট হয়েছে।”
অনুষ্ঠানে জেলা জামায়াতের আমির অধ্যাপক ড. মীর নূরুল ইসলাম, নাটোর-২ আসনের এমপি পদপ্রার্থী অধ্যাপক মো. ইউনুস আলী, জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ দেলোয়ার হোসেন এবং জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল বক্তব্য দেন।

