বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

নারীদের বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়: সেনাপ্রধান

ডেস্ক রিপোর্ট।।

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী—তাদের সক্ষমতা বৃদ্ধি ছাড়া টেকসই উন্নয়ন কল্পনাও করা যায় না। তিনি বলেন, “নারীদের দক্ষ ও নেতৃত্বগুণসম্পন্ন করে গড়ে তুলতে হবে। দেশের বিভিন্ন সেক্টরে তারা নেতৃত্ব দেবে, নিজেদের অবস্থান আরও শক্তিশালী করবে এবং জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

শুক্রবার সকাল ১১টায় জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেনাপ্রধান এসব মন্তব্য করেন। তিন দিনব্যাপী আয়োজনে এদিন ছিল দ্বিতীয় দিনের কর্মসূচি।

জেনারেল ওয়াকার-উজ-জামান পুনর্মিলনী প্যারেডে সালাম গ্রহণ করেন এবং অংশগ্রহণকারী ক্যাডেট ও প্রাক্তন ক্যাডেটদের প্রতি তিনি শুভকামনা জানান। তিনি বলেন, তাদের অর্জন ভবিষ্যতে দেশের জন্য মূল্যবান সম্পদ হয়ে উঠবে।

নৈতিকতার গুরুত্ব তুলে ধরে সেনাপ্রধান বলেন,
“আমাদের মধ্যে অনেকেই উচ্চশিক্ষিত হলেও সুশিক্ষিত নই। কেউ কেউ ভালো রেজাল্ট করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকলেও নৈতিকতার ঘাটতি থাকলে কাঙ্ক্ষিত সেবা দিতে পারে না। সমাজ বদলাতে হলে সবার আগে ভালো মানুষ হতে হবে।”

অনুষ্ঠানে বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আরিফুল হক ও জয়পুরহাট প্রাক্তন ক্যাডেট অ্যাসোসিয়েশনের সভাপতি মৌসুমী শিখা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ১১ পদাতিক ডিভিশন ও বগুড়ার এরিয়া কমান্ডার মেজর জেনারেল তৌহিদুল আহাম্মেদ,সেনাপ্রধানের স্ত্রী কমলিকা জামান,জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আখতার চৌধুরী,পুলিশ সুপার মো. আব্দুল ওয়াহাব,কলেজের শিক্ষক, কর্মকর্তাসহ অভিভাবক ও গণমাধ্যমকর্মীরা।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন