মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের জন্য বড় সুখবর

ডেস্ক রিপোর্ট।।

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৫ হাজার ৫০২ জন প্রধান শিক্ষকের বেতনস্কেল এক ধাপ উন্নীত করে দশম গ্রেডে উন্নীত করার বিষয়ে চূড়ান্ত সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়।

সোমবার (১০ নভেম্বর) অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগ থেকে এ সংক্রান্ত একটি সম্মতিপত্র প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়। এতে সই করেন অর্থ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. মাহবুবুল আলম।

সম্মতিপত্রে উল্লেখ করা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগের অনুমোদনের ভিত্তিতে প্রাথমিক বিদ্যালয়ের ৬৫ হাজার ৫০২ জন প্রধান শিক্ষককে বিদ্যমান ১১তম গ্রেড থেকে দশম গ্রেডে উন্নীত করার প্রস্তাবে সম্মতি দেওয়া হয়েছে।

নতুন বেতন কাঠামো অনুযায়ী, প্রধান শিক্ষকদের বেতন হবে ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০), যা আগে ছিল ১২,৫০০ থেকে ৩০,২৩০ টাকা (গ্রেড-১১)।

অর্থ বিভাগের নির্দেশনায় বলা হয়েছে, পদোন্নীত বেতন কার্যকর করতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৭ অক্টোবরের স্মারক এবং ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগের ২৮ জুলাইয়ের শর্তাবলি প্রতিপালন করতে হবে। এছাড়া প্রশাসনিক মন্ত্রণালয়কে পদ মঞ্জুরি আদেশ (জি.ও) জারি করে তা ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগে পৃষ্ঠাঙ্কন করাতে হবে।

এ ছাড়া সব আনুষ্ঠানিকতা ও বিদ্যমান বিধি-বিধান যথাযথভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন