বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

এক ছাত্রীকে দুজন পছন্দ করাকে কেন্দ্র করে দিনভর সংঘর্ষ, কলেজ বন্ধ

ডেস্ক রিপোর্ট।।

ময়মনসিংহ নগরের শম্ভুগঞ্জ জিকেপি কলেজে এক ছাত্রীকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (১০ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার পর পুলিশ হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে কলেজ কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ ঘোষণা করে।

কলেজ সূত্রে জানা যায়, কলেজের এক ছাত্রীকে নিয়ে প্রথম ও দ্বিতীয় বর্ষের দুই শিক্ষার্থীর মধ্যে বিরোধের সৃষ্টি হয়। সকালে এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়, যা পরবর্তীতে সংঘর্ষে রূপ নেয়। একপর্যায়ে দুই বর্ষের শিক্ষার্থীরা দলবদ্ধভাবে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং কলেজ চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এ সময় সুযোগ নিয়ে স্থানীয় কিছু যুবক কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে ভাঙচুর চালায়। খবর পেয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কলেজের অধ্যক্ষ সুলতানা পারভীন বলেন, “অপ্রত্যাশিত এ ঘটনার পর কলেজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পরিচালনা কমিটির জরুরি বৈঠকে অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম জানান, “একটি সামান্য ব্যক্তিগত বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে সংঘর্ষের সৃষ্টি হয়েছিল। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন