বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণে যুক্তরাষ্ট্রের গভীর নজর

ডেস্ক রিপোর্ট।।

ভারতের রাজধানী নয়াদিল্লিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যায় ঐতিহাসিক লাল কেল্লার কাছে ঘটে যাওয়া এই বিস্ফোরণে অন্তত ৯ জন নিহত এবং ২৪ জনের বেশি আহত হয়েছেন।

বিস্ফোরণের পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র ভারতীয় বার্তাসংস্থা পিটিআইকে বলেন,

“আমরা দিল্লির লাল কেল্লার কাছে বিস্ফোরণের ঘটনাটি সম্পর্কে অবগত। যুক্তরাষ্ট্র সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজন হলে কনস্যুলার সহায়তা দিতে প্রস্তুত।”

স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে একটি ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকা ধীরগতির গাড়িতে প্রবল বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের আরও কয়েকটি গাড়িতে।

প্রাথমিকভাবে জানা গেছে, বিস্ফোরণে ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয় এবং অনেকে গুরুতর আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক, তাদেরকে লোক নায়ক জয়প্রকাশ (এলএনজেপি) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিস্ফোরণের পরপরই দিল্লি পুলিশ ঘটনাস্থল ঘিরে ফেলে এবং তদন্ত শুরু করে। পাশাপাশি কলকাতাসহ ভারতের সব বড় শহরে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ, পাকিস্তান ও নেপাল সীমান্তেও বিশেষ নজরদারি জোরদার করেছে ভারতীয় কর্তৃপক্ষ।

এখনও পর্যন্ত বিস্ফোরণের কারণ সম্পর্কে কিছু জানায়নি তদন্ত সংস্থাগুলো। প্রাথমিকভাবে নাশকতার আশঙ্কা করা হলেও, বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত চলছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন