বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

নকলায় কৃষি কর্মকর্তাকে মারধরের ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

ডেস্ক রিপোর্ট।।

শেরপুরের নকলা উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদীকে মারধরের ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা ছাত্রদলের সদস্যসচিব রাহাত হাসান কায়িউমকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম বাকি ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির যৌথভাবে এ সিদ্ধান্ত নেন। বিষয়টি দলীয় প্যাডে স্বাক্ষরিত দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।

কৃষি অফিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (৫ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে নকলা উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদীর অফিসে প্রবেশ করেন রাহাত হাসান কায়িউম। বাইরে তার সঙ্গে ছিলেন ছাত্রদল কর্মী ফজলু।

অভিযোগ অনুযায়ী, কায়িউম কৃষি প্রণোদনা বণ্টন বিষয়ে কর্মকর্তার কাছে জানতে চান এবং দলীয় অংশ দাবি করেন। এ সময় কর্মকর্তা বিষয়টি উপজেলা বিএনপির সাবেক সভাপতি খোরশেদুর রহমানকে ফোনে জানান। এতে কায়িউম ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং কথা কাটাকাটির একপর্যায়ে কৃষি কর্মকর্তাকে চড় মারেন ও কক্ষের বাইরে টেনে নিয়ে মারধর করেন।

পরে উপস্থিত কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয়রা এগিয়ে এসে শাহরিয়ার মোরসালিনকে উদ্ধার করেন। পুরো ঘটনাটি অফিসের সিসিটিভি ফুটেজে ধরা পড়ে, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন,

“কৃষি কর্মকর্তাকে কক্ষে ঢুকে মারধর ও হেনস্তার ঘটনায় দুজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আসামিদের ধরতে অভিযান চলছে।”

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত রাহাত কায়িউমের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনি উভয় প্রক্রিয়াই চলছে বলে জানা গেছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন