বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

টাঙ্গাইলের মির্জাপুরে বাসচাপায় অটোরিকশার চালক-যাত্রী নিহত

ডেস্ক রিপোর্ট।।

টাঙ্গাইলের মির্জাপুরে যাত্রীবাহী বাসের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক ও যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দেওহাটা ওভারব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— উপজেলার গোড়াই ইউনিয়নের রানাশাল গ্রামের অটোরিকশাচালক রহিজ সিকদার (৪৬) এবং দেওহাটা গ্রামের আব্দুল হামিদ (৬০)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে টাঙ্গাইলগামী একটি যাত্রীবাহী বাস দেওহাটা ওভারব্রিজ পার হওয়ার সময় অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উঠে পড়ে। মুহূর্তেই দ্রুতগতির বাসটি অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গোড়াইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল সারোয়ার জানান, অটোরিকশাটি উল্টো পথে ওভারব্রিজে উঠতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়। নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনাকবলিত বাসটি আটক এবং চালককে শনাক্তের চেষ্টা চলছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন