বনবিভাগের পতাকা লাগিয়ে সুন্দরবনে হরিণ শিকারের চেষ্টাকালে সাতজনকে আটক করেছে বনবিভাগ। শনিবার (১ নভেম্বর) রাত ১টার দিকে সুন্দরবন পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের কোকিলমনি টহল ফাঁড়ির হোন্দল এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন—মনোজ পাল, মজিবুর রহমান, আলী হোসেন, মুসাক আলী মোল্লা, মোজাম্মেল শেখ, খান তামিম ও মল্লিক অহিদ। তাদের একজনের বাড়ি মোংলায়, বাকিদের বাড়ি রামপাল উপজেলায়।
সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন,
“গোপন সংবাদের ভিত্তিতে বনবিভাগের স্মার্ট পেট্রোলিং টিম অভিযান চালিয়ে হরিণ শিকারের ফাঁদসহ সাতজনকে আটক করে। সাধারণ মানুষ ও প্রশাসনের চোখ ফাঁকি দিতে তারা ট্রলারে বনবিভাগ লেখা পতাকা ব্যবহার করেছিল।”
অভিযানে ১০০টি হরিণ শিকারের ফাঁদ, দুইটি ট্রলার, বনবিভাগ লেখা পতাকা, করাত, কন্টেইনার, রান্নার চুলা, ড্রাম ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে।
বন কর্মকর্তারা জানান, আটক ব্যক্তিরা দুবলার চরের রাস উৎসবে যোগ দেওয়ার কথা বললেও তাদের উদ্দেশ্য ছিল হরিণ শিকার। আটক সাতজনের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে রোববার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

