বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

রাজশাহীতে সাংবাদিক হত্যা ও ওয়েজ বোর্ড বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট।।

সাগর-রুনি হত্যাসহ দেশের সব সাংবাদিক হত্যার দ্রুত বিচার, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন, দশম ওয়েজ বোর্ড গঠন এবং চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহালের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ নভেম্বর) সকাল ১১টার দিকে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। এতে রাজশাহীসহ আশপাশ জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি ঢাকায় নিজ বাসায় সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনিকে নৃশংসভাবে হত্যা করা হয়। দীর্ঘ ১২ বছরেও সেই হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন দাখিল না হওয়ায় সাংবাদিক সমাজ ক্ষোভ ও হতাশা প্রকাশ করছে।

বক্তারা আরও বলেন, বিগত সরকারের সময় সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাসহ ছয়জন সাংবাদিককে হত্যা ও গুম করা হয়। অথচ বর্তমান অন্তর্বর্তী সরকারও এ ঘটনায় কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।

তারা বলেন, পূর্ববর্তী সরকারের আমলে বহু সাংবাদিক অন্যায়ভাবে চাকরি থেকে বরখাস্ত হয়েছেন এবং কয়েকটি টেলিভিশন চ্যানেল—দিগন্ত টিভি, ইসলামিক টিভি ও চ্যানেল ওয়ান—বন্ধ করে দেওয়া হয়েছে। বক্তারা দাবি জানান, এসব সাংবাদিকদের পুনর্বহাল ও বন্ধ টেলিভিশন চ্যানেলগুলো সরকারি সহায়তায় পুনরায় চালু করতে হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. আব্দুল আউয়াল। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ড. সাদিকুল ইসলাম স্বপন, সহসভাপতি ও আমার দেশ পত্রিকার ব্যুরো প্রধান মইনুদ্দিন মনির, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মেহেদী হাসান শ্যামল, বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল করিম, রাজশাহী মহানগর প্রেসক্লাবের সভাপতি রজব আলী, এনটিভির ব্যুরো প্রধান স. ম. সাজু এবং ইন্ডিপেনডেন্ট টিভির ব্যুরো প্রধান আহসান হাবীব অপু প্রমুখ।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন