বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

নড়াইলে প্রতিপক্ষের হামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত

ডেস্ক রিপোর্ট।।

নড়াইলের কালিয়ায় প্রতিপক্ষের হামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা মাসুদ শেখ (৪৬) নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত মাসুদ শেখ উপজেলার ১নং বাবরা-হাচলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২৭ অক্টোবর) রাতে উপজেলার শুক্তগ্রামে হাডুডু খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। খেলার মাঠে বিষয়টি মীমাংসা হলেও রাত সাড়ে ৯টার দিকে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের কয়েকজন মাসুদ শেখের ওপর দেশীয় অস্ত্র ও হাতুড়ি দিয়ে হামলা চালায়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা প্রথমে তাকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মঙ্গলবার সকালে তিনি মারা যান।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হামলাকারীদের শনাক্তে অভিযান চলছে বলে জানিয়েছে ওসি আব্দুল্লাহ আল মামুন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন