বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

টয়লেটে যেতে বাধা দেওয়ায় দুই বিমানবালাকে মারল সৌদি নাগরিক

ডেস্ক রিপোর্ট।।

শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুই বিমানবালাকে শারীরিকভাবে আক্রমণের অভিযোগে এক সৌদি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির বিমানবন্দর পুলিশ।

রোববার (২৬ অক্টোবর) সকালে রিয়াদ থেকে কলম্বোর উদ্দেশ্যে যাত্রা করা ফ্লাইটে এ ঘটনা ঘটে। বিমানটি সকাল ৬টা ৩২ মিনিটে কলম্বোর বান্দারানায়েক আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দর পুলিশের সূত্রে জানা যায়, অবতরণের আগমুহূর্তে যাত্রীদের সিটবেল্ট বাঁধার নির্দেশ দেওয়া হলে অভিযুক্ত সৌদি নাগরিক টয়লেটে যাওয়ার চেষ্টা করেন। বিমানবালারা তাকে থামাতে গেলে তিনি ক্ষিপ্ত হয়ে তাদের ওপর চড়াও হন এবং একপর্যায়ে শারীরিকভাবে আঘাত করেন।

ফ্লাইটের ক্যাপ্টেন ঘটনাটি সঙ্গে সঙ্গে বিমানবন্দর কর্তৃপক্ষকে জানালে অবতরণের পর পুলিশ বিমানে উঠে অভিযুক্তকে আটক করে।

শ্রীলঙ্কান সংবাদমাধ্যম ডেইলি মিরর জানিয়েছে, কাটুনায়েকে বিমানবন্দর পুলিশ ও পর্যটন পুলিশ যৌথভাবে ঘটনাটি তদন্ত করছে। যেহেতু এটি শ্রীলঙ্কার আকাশসীমায় ঘটেছে, তাই সৌদি নাগরিককে সোমবার (২৭ অক্টোবর) কলম্বো ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হবে।

এ ঘটনার পর শ্রীলঙ্কান এয়ারলাইন্স নিরাপত্তা প্রোটোকল পর্যালোচনার ঘোষণা দিয়েছে এবং আহত দুই বিমানবালাকে চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন