বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

আবারও ডিভি লটারির বাইরে বাংলাদেশ, যুক্তরাষ্ট্রে স্বপ্ন দেখা হাজারো প্রার্থী হতাশ

ডেস্ক রিপোর্ট।।

যুক্তরাষ্ট্রে বৈধভাবে স্থায়ী বসবাস এবং কাজের স্বপ্নপূরণের জনপ্রিয় সুযোগ ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারির ২০২৬ সালের আবেদন প্রক্রিয়া থেকে আবারও বাদ পড়েছে বাংলাদেশ।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের সর্বশেষ ঘোষণায় জানানো হয়েছে, বাংলাদেশসহ আরও কয়েকটি দেশ ২০২৬ সালের ডিভি লটারিতে অংশ নিতে পারবে না। কারণ হিসেবে বলা হয়েছে—এ দেশগুলো থেকে সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রে অভিবাসনের হার তুলনামূলক বেশি।

ডিভি ২০২৬-এর জন্য এশিয়ার ৩১টি দেশকে যোগ্য বিবেচনায় নেওয়া হয়েছে। তালিকায় রয়েছে আফগানিস্তান, নেপাল, ভুটান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, থাইল্যান্ড, কুয়েত, কাতারসহ আরও বহু দেশ।

কিন্তু ভারত, পাকিস্তান, চীন, দক্ষিণ কোরিয়ার পাশাপাশি বাংলাদেশও এবার বাদ পড়েছে।

ডাইভারসিটি ভিসা প্রোগ্রামটি যুক্তরাষ্ট্রের এক বৈচিত্র্যপূর্ণ অভিবাসী সমাজ গঠনের লক্ষ্যেই চালু করা হয়েছিল। এমন দেশগুলোর নাগরিকদের এই প্রক্রিয়ায় সুযোগ দেওয়া হয়, যেখান থেকে তুলনামূলকভাবে কম সংখ্যক মানুষ যুক্তরাষ্ট্রে অভিবাসন করেছে।

তবে গত এক দশকে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। এ কারণেই দেশটি ধারাবাহিকভাবে ডিভি তালিকা থেকে বাদ পড়ছে।

ডিভি লটারি হচ্ছে যুক্তরাষ্ট্রে বৈধ অভিবাসনের একটি সহজ ও নির্ভরযোগ্য পথ। কিন্তু বাংলাদেশিদের দীর্ঘদিন ধরে এ প্রক্রিয়া থেকে বাদ পড়ায় হতাশ হচ্ছেন অনেকেই।

ঢাকার একটি ভাষা শিক্ষাকেন্দ্রে প্রস্তুতি নিচ্ছেন এমন এক শিক্ষার্থী বলেন, “আমরা শুধু পড়ালেখা নয়, ডিভি প্রক্রিয়ার মাধ্যমে বৈধভাবে যুক্তরাষ্ট্রে যাওয়ার আশা করি। কিন্তু প্রতিবছরই যখন বাদ পড়ি, তখন হতাশ লাগে।”

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন