বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

রাজশাহীর পদ্মায় মিঠা পানির কুমির! বন বিভাগের নজরদারি

ডেস্ক রিপোর্ট।।

রাজশাহীর পদ্মা নদীর ষাটবিঘা চরে মিঠা পানির একটি কুমির দেখা গেছে বলে দাবি করেছেন এক আলোকচিত্রী দম্পতি। ঘটনাটি নিশ্চিত করতে মাঠে নেমেছে বন বিভাগ, যদিও কুমিরটির অবস্থান এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি।

গত ১৬ অক্টোবর প্রখ্যাত আলোকচিত্রী দম্পতি ইমরুল কায়েস ও উম্মে খাদিজা ইভা পদ্মার টি-বাঁধ সংলগ্ন চরে পাখির ছবি তুলতে গিয়ে ড্রোন ও ক্যামেরায় ধরা পড়া একটি কুমিরের ছবি ও ভিডিও ধারণ করেন। তাদের দাবি, এটি একটি মিঠা পানির কুমির।

ছবিটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। এরপর থেকেই রাজশাহী বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ ঘটনাটি গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ শুরু করে।

বন বিভাগের পরিদর্শক জাহাঙ্গীর কবির জানান, “গত ৬ দিন ধরে আমরা এলাকাটি পর্যবেক্ষণ করছি। বুধবার সকাল ৯টায়ও সেখানে উপস্থিত ছিলাম, কিন্তু কুমিরের আর দেখা মেলেনি। সাধারণত এতক্ষণ পানির নিচে থাকার কথা নয়। আমাদের ধারণা, এটি এখন মূল পদ্মা নদীতে চলে গেছে।”

তিনি আরও বলেন, “আমরা স্থানীয় জেলেদের সঙ্গে কথা বলছি এবং সচেতন করতে লিফলেট বিতরণ করছি। যেখানেই কুমির দেখা গেছে, সেই এলাকায় গোসল কিংবা মাছ ধরার সময় সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হচ্ছে।”

বন বিভাগ জানায়, এটি রাজশাহীতে মিঠা পানির কুমির দেখার প্রথম ঘটনা নয়। গত বছর গোদাগাড়ী ও চারঘাট এলাকায়ও কুমির দেখা গিয়েছিল। তবে এবারের চরের কুমির নিয়ে মানুষের কৌতূহল আরও বেশি।

এদিকে, নদীর পাশের বসবাসকারীদের মধ্যে কিছুটা উদ্বেগ ছড়ালেও কেউ কেউ এটিকে জীববৈচিত্র্যের জন্য ইতিবাচক বার্তা হিসেবেও দেখছেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন