বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

ডিসেম্বরে ঘোষণা হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল: সিইসি

ডেস্ক রিপোর্ট।।

চলতি বছরের ডিসেম্বরের প্রথমার্ধেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।
শনিবার (১৮ অক্টোবর) বিকেলে বরিশাল সার্কিট হাউসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, “আগামী জাতীয় নির্বাচন হবে রমজানের আগেই, অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে। সে হিসেবে নির্বাচন আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করতে হবে।”

তিনি আরও বলেন, “বিগত দিনের মতো নয়, এ নির্বাচন হবে সম্পূর্ণ নতুন ধরনের। আমরা চাই একটি অংশগ্রহণমূলক, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন। সে লক্ষ্যে কমিশন কাজ করছে।”

সংবাদ সম্মেলনে এনসিপি (ন্যাশনাল কনভেনশন পার্টি) প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, “আমাদের আইন অনুযায়ী শাপলা প্রতীক বরাদ্দের সুযোগ নেই। প্রতীক তালিকায় এই প্রতীক নেই, সুতরাং এনসিপিকে শাপলা দেওয়া হবে না।”

এছাড়া সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের নির্বাচন অংশগ্রহণ বিষয়ে তিনি বলেন, “নিষিদ্ধ দল নির্বাচনে অংশ নিতে পারবে না, যতদিন না তাদের বিচার প্রক্রিয়া শেষ হয়। তবে তাদের সমর্থকরা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।”

সকালে কাশিপুরে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে বরিশাল বিভাগের বিভিন্ন পর্যায়ের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা করেন সিইসি। পরে বিকেলে সার্কিট হাউসে বরিশাল বিভাগীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে দ্বিতীয় দফার সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় কমিশনার রায়হান কাওসার। এছাড়া উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম, জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসেন প্রমুখ।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন