চুয়াডাঙ্গা শহরে মানবাধিকার সংস্থার পরিচয় দিয়ে প্রতারণা করতে গিয়ে জনতার হাতে ধরা পড়েছেন খালিদ হোসেন (৩৫) নামে এক ব্যক্তি ও তার নারী সহযোগী রোজা ইসলাম। শনিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে শহরের শ্যামলীপাড়া (শ্যাকড়াতলা) মোড়ে এই ঘটনা ঘটে।
আটক খালিদ আলমডাঙ্গা উপজেলার পাইকপাড়া গ্রামের বাসিন্দা। তিনি চুয়াডাঙ্গা পৌর এলাকার বাগানপাড়ার শফিউল ইসলামের জামাই। তার সহযোগী রোজা ইসলাম মুক্তিপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে খালিদ নিজেকে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের চেয়ারম্যান পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করছিলেন। পুলিশের সঙ্গেও ঘনিষ্ঠতা গড়ে তুলে বিভিন্ন সুবিধা নেয়ার চেষ্টা করতেন তিনি।
শনিবার সন্ধ্যায় বাগানপাড়ার একটি নির্জন বাড়িতে মাদক দিয়ে ফাঁসানোর উদ্দেশ্যে এক ব্যক্তিকে ডেকে নেয় খালিদ ও তার সহযোগী। পরিকল্পনা অনুযায়ী, ওই নারী সহযোগী ভিকটিমকে ফাঁদে ফেলার চেষ্টা করেন। তবে তাদের আচরণে সন্দেহ হলে স্থানীয়রা তৎপর হয়ে দুজনকেই হাতেনাতে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে একটি নেশাজাতীয় দ্রব্যের বোতল উদ্ধার করা হয়।
খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে খালিদ ও রোজাকে আটক করে থানায় নিয়ে যায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, “আটক ব্যক্তির নামে ইতোমধ্যে প্রতারণার একাধিক অভিযোগ রয়েছে। তিনি নিজেকে মানবাধিকার সংস্থার চেয়ারম্যান পরিচয় দিয়ে সুবিধা নেওয়ার চেষ্টা করতেন। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।”
স্থানীয়দের অভিযোগ, খালিদ দীর্ঘদিন ধরে মানবাধিকার সংগঠনের নাম ব্যবহার করে সাধারণ মানুষকে প্রতারণা করে আসছিলেন। তারা এই চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

