বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

চীনে দুর্নীতিবিরোধী অভিযানে ভূমিকম্প: শীর্ষ ৯ জেনারেল বরখাস্ত, সামরিক শুদ্ধিকরণে নজিরবিহীন পদক্ষেপ

ডেস্ক রিপোর্ট।।

চীনের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় ধরনের রদবদল ঘটেছে। দুর্নীতির অভিযোগে একযোগে বরখাস্ত করা হয়েছে দেশটির নয়জন প্রভাবশালী জেনারেলকে, যাদের অনেকেই চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।

চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, এদের বিরুদ্ধে “দলীয় শৃঙ্খলা লঙ্ঘন ও দায়িত্ব সংশ্লিষ্ট গুরুতর অপরাধে” জড়িত থাকার সন্দেহে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সামরিক মহলে এটিকে সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে বড় শুদ্ধিকরণ অভিযান হিসেবে দেখা হচ্ছে।

যাদের বরখাস্ত করা হয়েছে:
  • হি ওয়েইডং – সেন্ট্রাল মিলিটারি কমিশনের (CMC) ভাইস চেয়ারম্যান

  • মিয়াও হুয়া – CMC’র রাজনৈতিক পরিচালক

  • হে হংজুন – CMC’র ডেপুটি রাজনৈতিক পরিচালক

  • ওয়াং জিউবিন – জয়েন্ট অপারেশন কমান্ড সেন্টারের উপ-পরিচালক

  • লিন জিয়াংইয়াং – ইস্টার্ন থিয়েটার কমান্ডার

  • কিন শুতং – সেনাবাহিনীর রাজনৈতিক কমিশনার

  • ইয়ুআন হুয়াজি – নৌবাহিনীর রাজনৈতিক কমিশনার

  • ওয়াং হৌবিন – রকেট ফোর্স কমান্ডার

  • ওয়াং চুনিং – আর্মড পুলিশ ফোর্স কমান্ডার

এই জেনারেলদের অনেকে তিন তারকা পদমর্যাদার এবং চীনের প্রতিরক্ষা কাঠামোয় অত্যন্ত প্রভাবশালী হিসেবে পরিচিত ছিলেন। বিশেষ করে হি ওয়েইডং, যিনি প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পর সামরিক কমিশনে দ্বিতীয় সর্বোচ্চ পদে ছিলেন।

বিশ্লেষকদের মতে, এই বরখাস্ত শুধু দুর্নীতিবিরোধী পদক্ষেপ নয়— এটি শি জিনপিংয়ের নেতৃত্বে দলীয় একচ্ছত্র নিয়ন্ত্রণ নিশ্চিত করার অংশও হতে পারে। শি এর আগেও নিজ দল ও সেনাবাহিনীতে একাধিক শুদ্ধি অভিযান পরিচালনা করেছেন।

এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউটের ফেলো নেইর থমাস বলেন, “এটি শুধু দুর্নীতির বিরুদ্ধে লড়াই নয়, বরং পার্টির আত্মশুদ্ধির মাধ্যমে শাসনের কাঠামোকে আরও কেন্দ্রীভূত ও কঠোর করার কৌশল।”

চীনের সেন্ট্রাল মিলিটারি কমিশন গত জুলাইতেই ‘দূষিত প্রভাব’ দূর করার নির্দেশনা জারি করেছিল। সেই ইঙ্গিত অনেকেই বুঝতে পারেননি, কিন্তু এখন বুঝা যাচ্ছে— বড় কিছু আসছে।

রকেট ফোর্সের শীর্ষ কর্মকর্তাদের সরিয়ে দেওয়া, সাবেক প্রতিরক্ষামন্ত্রী লি শাংফু ও ওয়েই ফেংঘের নিখোঁজ হওয়া এবং ২০২৩ সালে পররাষ্ট্রমন্ত্রী কি গ্যাংয়ের হঠাৎ গায়েব হওয়াও এই ধারাবাহিক শুদ্ধিকরণেরই অংশ বলে মনে করছেন অনেকে।

২০ অক্টোবর থেকে শুরু হচ্ছে চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পূর্ণাঙ্গ অধিবেশন। এই অধিবেশনে নতুন নেতৃত্ব ও সামরিক নীতিমালায় বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে।

বিশ্ব রাজনীতিতে চীনের আগ্রাসী অবস্থানের প্রেক্ষিতে সামরিক বাহিনীর এই ‘পুনর্গঠন’ কী প্রভাব ফেলবে— সেটাই এখন আন্তর্জাতিক বিশ্লেষকদের নজরে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন