বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

চট্টগ্রামে আল হামিদ টেক্সটাইল কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৬ ইউনিট

ডেস্ক রিপোর্ট।।

চট্টগ্রামের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (সিইপিজেড)-এ অবস্থিত আল হামিদ টেক্সটাইল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।

কারখানাটিতে মূলত হাসপাতালে ব্যবহৃত যন্ত্রপাতি ও গার্মেন্টস সামগ্রী প্রস্তুত করা হতো। ভবনটি সাততলা বিশিষ্ট, এবং ঘটনার সময় সেখানে পাঁচ শতাধিক শ্রমিক কাজ করছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান:

“আগুন লেগেছে ভবনের ৫ম, ৬ষ্ঠ ও ৭ম তলায়। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট।”

তিনি আরও বলেন,

“ভবনের ভেতরে এখনও অনেক শ্রমিক থাকতে পারে—তাদের নিরাপদে বের করে আনার চেষ্টা চলছে।”

দুপুরের পর থেকেই সিইপিজেড এলাকায় আকাশজুড়ে কালো ধোঁয়ার ঘন কুণ্ডলী দেখা যাচ্ছে। ফায়ার সার্ভিস, আইনশৃঙ্খলা বাহিনী এবং ইপিজেড কর্তৃপক্ষ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।

বহু শ্রমিক ভবন থেকে বেরিয়ে আসলেও, কেউ কেউ উর্ধ্বতলা থেকে বের হতে না পারায় জানালা দিয়ে সাহায্যের আহ্বান জানাতে দেখা গেছে।

আগুন লাগার সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও বিদ্যুতের শর্টসার্কিট বা কেমিক্যাল রিঅ্যাকশন থেকে আগুন ছড়িয়ে থাকতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

তালহা বিন জসিম বলেন,

“আগুন নিয়ন্ত্রণে আসার পর তদন্ত শুরু হবে। ক্ষয়ক্ষতি ও আহতদের বিষয়ে বিস্তারিত তখনই বলা সম্ভব হবে।”

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন