বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

ত্রিপুরায় ভারতীয়দের হামলায় নিহত ৩ বাংলাদেশি, পরিচয় প্রকাশ

ডেস্ক রিপোর্ট।।

ভারতের ত্রিপুরা রাজ্যে ভারতীয়দের হামলায় নিহত তিন বাংলাদেশি নাগরিকের পরিচয় শনাক্ত হয়েছে। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাসিন্দা এই তিনজনকে সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করার পর গরু চুরির সন্দেহে পিটিয়ে হত্যা করা হয় বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

নিহতরা হলেন: জুয়েল মিয়া (৩২) – পিতা আশ্বব আলী, গ্রাম: আলীনগর, পন্ডিত মিয়া (৪৫) – পিতা কনা মিয়া, গ্রাম: বাসুল্লা, সজল মিয়া (২০) – পিতা কদ্দুস মিয়া, গ্রাম: কবিলাশপুর

বুধবার (১৫ অক্টোবর) সকালে ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই জেলার বিদ্যাবিল এলাকায় স্থানীয় পাহাড়ি আদিবাসীরা তাদের ওপর হামলা চালায়। ভারতের স্থানীয় সাংবাদিক আশীষ চক্রবর্তী জানিয়েছেন, ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পরে মরদেহ উদ্ধার করে খোয়াই থানা পুলিশ।

৫৫ বিজিবির মিডিয়া সেল নিশ্চিত করেছে, সীমান্ত পেরিয়ে ভারতের কারেঙ্গিছড়া এলাকায় প্রবেশ করেন তারা, যা শূন্য রেখা থেকে প্রায় ৪-৫ কিলোমিটার ভেতরে। এলাকাটি ভারতের ৭০ বিএসএফ ব্যাটালিয়নের নিয়ন্ত্রণাধীন।

চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের ইউপি সদস্য তারেকুর রহমান জানান, বিজিবি নিহতদের জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে ভারতের কাছে পাঠালে শনাক্ত করা সম্ভব হয়।
৫৫ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান জানিয়েছেন, ঘটনার পর বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।

নিহতদের মরদেহ বর্তমানে ভারতের সাম্পাহার থানায় রাখা হয়েছে। কূটনৈতিক ও সামরিক পর্যায়ে আলোচনা সাপেক্ষে মরদেহগুলো ফেরত আনার প্রক্রিয়া চলমান।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন