যশোরের অভয়নগরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ২টি দেশে তৈরি পাইপগান এবং ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) ভোরে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের মাগুরা গ্রামের শেখপাড়া এলাকা থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
যৌথ বাহিনীর একটি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৩টার দিকে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় স্থানীয় বাসিন্দা আজাহারুল ইসলামের বাড়ির পাশে জ্বালানি কাঠের স্তূপে লুকানো অবস্থায় পরিত্যক্ত দুইটি পাইপগান ও দুই রাউন্ড গুলি পাওয়া যায়।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম রবিউল ইসলাম জানান,
“অস্ত্রগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত অস্ত্র ও গুলির বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।”
ঘনবসতিপূর্ণ এলাকায় এ ধরনের অস্ত্র মজুদের ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন, নিয়মিত নজরদারির অংশ হিসেবেই এমন অভিযান পরিচালিত হচ্ছে।

