দুর্নীতি, ঘুষ বাণিজ্য ও অসদাচরণের অভিযোগে খাগড়াছড়ি জেলা পরিষদের প্রথম নারী চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে স্থায়ীভাবে অপসারণ করেছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, “খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ এর ধারা ১২(১)(গ) অনুযায়ী জিরুনা ত্রিপুরাকে তার পদ থেকে স্থায়ীভাবে অপসারণ করা হলো। এই আদেশ জনস্বার্থে জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।”
এর আগে চলতি বছরের ৭ জুলাই জিরুনাকে সাময়িকভাবে দায়িত্ব পালন থেকে বিরত থাকার নির্দেশ দেয় মন্ত্রণালয়। অভিযোগ ছিল—পরিষদের সদস্য ও কর্মকর্তাদের সঙ্গে খারাপ আচরণ, স্বজনপ্রীতি, স্বেচ্ছাচারিতা, শিক্ষক বদলি ও ঠিকাদারি বিল নিয়ে ঘুষ বাণিজ্যে জড়িত থাকা।
২০২৪ সালের ৭ নভেম্বর জিরুনা ত্রিপুরা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রথম নারী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন। তার অপসারণকে অনেকে দুঃখজনক বলে উল্লেখ করলেও অনিয়মের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানকেই সামনে আনছে বলে বিশ্লেষকদের মত।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তদন্তে অভিযোগের প্রমাণ পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

