প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে আগামীকাল (১৩ অক্টোবর) বান্দরবানে ডাক দেওয়া হরতাল পিছু হটেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)। রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এক আলোচনায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
পিসিএনপি আগে ঘোষণা দিয়েছিল, পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি-১৯০০ বাতিল, রাজার সনদ ও চিহ্নিত জনপদ বিলুপ্তি, সেনা ক্যাম্প পুনঃস্থাপনসহ আট দফা দাবিতে বান্দরবানে সকাল-সন্ধ্যা হরতাল পালন করবে। তবে জেলা প্রশাসনের আশ্বাসে এই কর্মসূচি স্থগিত করা হয়েছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি মাসের মধ্যেই আট দফা দাবির যৌক্তিক দিকগুলো নিয়ে সর্বস্তরের জনপ্রতিনিধিদের উপস্থিতিতে একটি বিশেষ সভা আয়োজন করা হবে। সেখানে বিষয়গুলো চূড়ান্ত আলোচনার মাধ্যমে মন্ত্রণালয়ে পাঠানোর প্রক্রিয়া শুরু হবে।
পিসিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান বলেন, “আমরা প্রশাসনের আশ্বাসে এই মুহূর্তে হরতাল স্থগিত করেছি। কিন্তু দাবি বাস্তবায়নের অগ্রগতি না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।”
সংগঠনের দপ্তর সম্পাদক মো. শাহ জালাল বলেন, “আলোচনার ভিত্তিতে যৌক্তিক দাবি মন্ত্রণালয়ে পাঠানোর আশ্বাসে আমরা শান্তিপূর্ণ অবস্থান নিয়েছি।”

